
খায়রুজ্জামান খান সানি
স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় জীবনে আমরা যুক্ত হই বিভিন্ন সংগঠনের সঙ্গে। বিভিন্ন সময় প্রশ্ন উঠতে দেখা যায়—এসব সংগঠনের কাজ কী? কী শেখায় এগুলো?
বিশ্ববিদ্যালয় কিংবা কর্মজীবনে আমরা বিভিন্ন ভাইভা বোর্ডের সম্মুখীন হই, প্রেজেন্টেশন দিচ্ছি প্রতিনিয়ত। কিন্তু কখনো ভেবে দেখেছি কি, একজন শিক্ষার্থী কীভাবে দক্ষতার সঙ্গে প্রেজেন্টেশন দিচ্ছেন, ভাইভা বোর্ডে সম্মুখীন হচ্ছেন। এ দক্ষতা অর্জন এক দিনে হয়নি। বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলার সুবাদে নিজেকে যেমন তাদের সামনে তুলে ধরেছেন, পাশাপাশি তাদের থেকে শিখেছেন যেগুলো নিজের প্রয়োজন বা অজানায় থেকে গিয়েছিল। অন্যদিকে বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একজন অন্যজনের সঙ্গে কত সুন্দরভাবে যোগাযোগ স্থাপন করতে পারেন। একটি সংগঠনের ভেতর আপনি যেমন সাংগঠনিক আলাপ শিখবেন, কার সঙ্গে কীভাবে কথা বলতে হয় শিখবেন, কীভাবে কাজ সম্পাদনা করতে হয় শিখবেন, ঠিক তেমনই কীভাবে একটি কাজ শুরু থেকে শেষ পর্যন্ত পরিকল্পনা এবং ব্যবস্থাপনা করতে হয় শিখবেন এবং বাস্তবিক অভিজ্ঞতা অর্জন করবেন। পাশাপাশি নেতৃত্ব দানের গুণাবলি অর্জন করবেন। যে গুণাবলি দ্বারা একটা সময় পর দেশ ও জাতির নেতৃত্ব দিতে সক্ষম হবেন। এ ছাড়া সংগঠনগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুতে মানববন্ধন করে থাকেন। নিজেদের ভেতর বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনাসভা, সেমিনারের আয়োজন করে থাকেন। অনেক সময় দেখা যায়, লিফলেট বিতরণের মাধ্যমে সামাজিক ও সাংস্কৃতিক নানা সমস্যার বিরুদ্ধে জনমত গড়ে তোলে।
অন্যদিকে, শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক চর্চার প্রতি আকৃষ্ট করে থাকে এসব সংগঠন। যাতে করে নিত্যনতুন জিনিস উদ্ভাবনের রূপরেখা তারা গড়ে তুলতে পারে। দেশ ও দশের সমৃদ্ধি বয়ে আনতে সচেষ্ট হতে পারে। আবার দেখা যাচ্ছে, শিক্ষার্থীরা মানসিক সমস্যায় জর্জরিত হয়ে নেশায় ডুবছে, মাদকাসক্ত হচ্ছে। মাদকাসক্ত যেমন দেহের জন্য ক্ষতিকর তেমনি বুদ্ধিবৃত্তিক চর্চায় চরম ক্ষতিকর প্রভাব ফেলে। যা ইতিবাচক দৃষ্টিভঙ্গির চর্চায় ব্যাঘাত ঘটাচ্ছে। মাদকের কবলে অচিরেই নিভে যাচ্ছে প্রাণ। তাই মানসিক হতাশার থেকে শিক্ষার্থীদের বেরিয়ে আসতে হবে, বেরিয়ে আসতে হবে মাদকাসক্তি থেকে। বিভিন্ন কাজের মধ্যে সংগঠনে নিজেকে নিয়োজিত রাখতে নেতিবাচক দিকগুলো থেকে যেমন নিজেকে দূরে রাখা যাবে তেমনই বুদ্ধিবৃত্তিক চর্চার সুষ্ঠু মাধ্যম পাবেন এবং নিজেকে সেই চর্চায় নিয়োজিত করে নিজের দক্ষতা বৃদ্ধি করতে পারবেন। সংগঠনগুলো একে অপরের সঙ্গে সৌহার্দপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে মুখ্য ভূমিকা পালন করে থাকেন। একে অপরের খোঁজখবর নেওয়া থেকে শুরু করে প্রয়োজন তার পাশে থেকে সহযোগিতার হাত সর্বদা এগিয়ে দিয়ে থাকেন। সর্বোপরি, সংগঠন মূলত আপনাকে শেখায় কীভাবে কীভাবে নিজেকে ভবিষ্যতে দেশ ও দশের কাজে নিয়োজিত করবেন। একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবেন।
লেখক : শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়
সৌজন্যে : ইত্তেফাক