
লাল সবুজের দেশে
মুহাম্মদ নূর ইসলাম
ছোট্ট সোনা মণির দল
লাল সবুজের দেশে,
খুব আদরে উঠছে বেড়ে
খেলছে হেসে হেসে।
রংবেরঙের পাখির ছানা
উড়ছে মেলে ডানা,
ঘাসের ডগায় উড়ছে ফড়িং
করছে না কেউ মানা।
বণিক মশাই ছুটছে হাটে
রাখাল কৃষক মাঠে,
সবার কাজে ব্যস্ত সবাই
শিষ্য আপন পাঠে।
আপন মনে বইছে নদী
খেলছে মাছের ছাও,
মনের সুখে গাইছে মাঝি
বাইছে তাহার নাও।
কামার কুমোর গড়ছে নিপুণ
আরো অনেক ইমারত,
প্রাচীন যুগের শিল্প গুলোও
বাদ থাকেনা মেরামত।
কবি লেখক গায়ক নায়ক
জন্মেছে এই দেশে,
দার্শনিকরাও আটকে গেছে
এই দেশেতে এসে।
হরেক রকম ফল ফলাদি
শস্য-দানার দেশ,
এই দেশেতেই মিলে সদা
কালো আঁখি কেশ।
দেশটা নিয়ে বললে কথা
হবে না ভাই শেষ,
এই দেশেতে আসলে তুমি
হবেই নিরুদ্দেশ।
গাছের সবুজ পাতায় পাতায়
পাখির গানে গানে,
ধানের ক্ষেতে হারিয়ে যাবে
নদীর কলতানে।
যেথায় তোমার পরবে চরণ
সেথায় আমি মিশে,
দেশটা জুড়ে থাকবো নাতো-
থাকবো আমি কিসে?
লেখক: মুহাম্মদ নূর ইসলাম
ঠিকানা: বাঘা, রাজশাহী।