
শায়ান ও শব্দকে লেখা চিঠি
শামীম খান যুবরাজ
শব্দ তুমি কেমন আছো বলো
আমার জন্য চোখ কি ছলোছলো?
আমার জন্য কাঁদো বুঝি রোজ
হঠাৎ গভীর রাতে আমায়
করো নাকি খোঁজ?
শব্দ তুমি খুব আদুরে মেয়ে
দিন কাটাতাম তোমায় চেয়ে চেয়ে।
তোমার দুটি আঁখি আমার প্রিয়
আমার অনেক ভালোবাসা নিও।
তোমার জন্য মনটা বড়ো কাঁদে
এই প্রবাসে আসিনি তো সাধে
ঠিক তোমাদের স্বপ্ন নিয়ে বুকে
কষ্ট লুকাই চোখেরই সিন্দুকে।
শায়ান তুমি কেমন আছো বাপ
চলছে নাকি দুষ্টুমি লাফ-ঝাঁপ?
আব্বু তোমার নেই কাছে নেই তাই
তোমার মনে কষ্ট অনেকটাই।
লেখাপড়ায় দিচ্ছো কেমন ধ্যান
বাড়ছে নাকি আগের চেয়ে জ্ঞান?
তোমার সরল মুখটা আমার প্রিয়
আমার অনেক ভালোবাসা নিও।
তোমার জন্য মনের ভেতর দুখ
স্বপ্ন মনে তাই কিছুটা সুখ।
শব্দ-শায়ান এই চিঠিটি পেলে
জবাব দিও বুকের আবেগ ঢেলে।