
শ্রদ্ধেয় আব্বা,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লালি ওয়া বারাকাতুহু। আশা করি তুমি আল্লাহর রহমতে ভালোই আছ। প্রতিটি মোনাজাতে যার সার্বিক ভালো থাকা কামনা করি আল্লাহ তাকে ভালোই রাখবেন- এই ভরসা রাখি। জানি আমাকে তোমার কাজে সাহায্য করা উচিত কিন্তু আল্লাহ যে আমাকে মেয়ে হিসেবে বানিয়েছেন তাই চাইলে ও তোমার কাজে সেভাবে সাহায্যের জন্য এগিয়ে আসতে পারি না। তাই এমতাবস্থায় তোমার পাশে থাকা সম্ভব হচ্ছে না।
মোটামুটি ব্যাস্ততায় সময় কাটছে। প্রতিদিনই টিউশনি থেকে ফিরে ভাবি আজ বাড়িতে কল দিব কিন্তু হায়! ক্লান্ত শরীরে বাসায় ফিরে বেমালুম ভুলে যাই!
তবে তোমার কল দেওয়া কখনো মিস হয় না। অসুস্থতা কিংবা ব্যস্ততা কোনো কিছুই আমাকে কল দেওয়া থেকে ভুলিয়ে রাখতে পারে না। বাবারা বুঝি এমনই হয়! প্রায়ই এমন হয়, তুমি কল দিলে ইচ্ছে করেই রিসিভ করিনা। কেন জানো ? তখন দুপুরের খাবারের সময় পার হয়ে গেলেও খাওয়া হয়নি। কল ধরলেই তুমি জিজ্ঞাসা করতে কী খেলাম। খাইনি শুনলে হয়তো মন খারাপ হতো তোমার অথবা কেন খাইনি, খাওয়া দাওয়ায় সমস্যা হচ্ছে কি-না- নানা রকম টেনশন হতো। তাই ফোন ধরিনি।
এভাবে কতকিছু লুকিয়ে রাখি তোমার মন রক্ষার্থে তুমি জানো না। তোমার মতো বাবারা ছেলে মেয়ের ব্যাপারে যারা অল্পতেই টেনশনে পড়ে তাদের সবকিছু জানাতে নেই!
তোমার ঋণ আমি কীভাবে শোধ করবো? তুমি অনেক সময় রাগারাগি করো, ধমক দাও। সাময়িক মন খারাপ হলেও এর পেছনে তুমুল মুহাব্বত অনুভব করি। এইতো মাস খানেক আগে, তুমি অসুস্থ হলে। তোমার ঘুম হয় না, খেতে পারো না। এসব কোনো ভাবেই মানতে পারছিলাম না। আল্লাহর অশেষ মেহেরবানিতে দ্রুতই সুস্থ হয়ে উঠলে যেন হাঁফ ছেড়ে বাঁচলাম। কখনো বলা হয়নি হৃদয়ের গভীরে তোমার জন্য কতটা মুহাব্বত পুষে রাখি আব্বা।
আব্বা তুমি হলে আমার প্রথম মুহাব্বত, বাবা তুমি হলে আমার সেই বটগাছ যেই বটগাছের নিচে আমি ও আমাদের চারবোন থাকি।
আব্বা, আমাকে তোমার অন্তরের অন্তঃস্থল থেকে খাস দিলে দোয়া দিও। আমাদের উপর তোমার ছায়া দীর্ঘ হোক। এই কামনা করি।
ইতি
তোমার স্নেহের কন্যা
তবিনুর
আরও পড়ুন : ঝিকুট ফাউন্ডেশন