
শোকের কাব্য হয়ে থেকে যাস কবিতায়
শামীম খান যুবরাজ
তোকে শুধু কাব্যেই লিখে রাখি
তোর স্মৃতিগুলো কেবলই ছন্দোবদ্ধ করে যাই
কবিতার পাতায়।
এ ছাড়া আমার কীইবা করার আছে?
এই কঠোর পৃথিবীতে আমার মতো সামান্য
অযাচিত মানুষের মনেরই বা কী মূল্য!
মূল্যই বা কে দেবে?
ভেতরের কষ্ট যখন কেউ বোঝে না
তখন চোখের জল দেখিয়ে কোনো লাভ নেই।
শব্দের গাঁথুনিতে রেখে যাই তোকে
শোকের কাব্য হয়ে থেকে যাস আমার-
সমস্ত কবিতার পাতায়।
নীরব রাতে নিঃশব্দে ঝরে পড়া দুচোখের অশ্রুতে
কবিতা লিখে যাই তেরোটি বছর ধরে।
তোকে পুনরায় ফিরে পাবার আশ রাখি না মনে
তাই বলে আমার স্বপনে-কথা-কবিতায়
মগজের প্রতিটি পরতে পরতে টিকে থাকা
স্মৃতিসমগ্রের বিশাল পান্ডুলিপি সযতনে তুলে
রাখতে অসুবিধা কোথায়!
তুই থেকে যা আমার কবিতার প্রতিটি লাইনে
প্রতিটি শব্দে-সুরের ব্যঞ্জনায়
অব্যক্ত উপমায়-ছাপাখানার সুগন্ধী রংয়ের প্রলেপে।
তোকে আগলে রাখি শত কবিতায়, শব্দের আলিঙ্গনে।