
শফি আলমের পেট বনাম খাদ্যভান্ডার
শামীম খান যুবরাজ
মাকাল ফলের বাম্পার ফলনে
স্বপ্নচাষিরা আকাল দেখছে চোখে
ঘুঘুর ডাকে রাতপাখিরা ভয়ে পালায় ডানা ঝাপটিয়ে;
সর্ষের ভূত কেঁদে ওঠে নিঃশব্দে
ঘুমের ঘোরে আঙুল চাটে পেটুক শফি মিয়া
খাদ্যভান্ডারে টান পড়ে, খরায় চৌচির হয় ফসলি জমি
মাকালের ফলন ছড়িয়ে পড়ে আরো বিস্তৃর্ণ মাঠে
আড়তদারের লালা ঝরে মাকালে আঙুর দেখে
গাছশুদ্ধ খেয়ে নেয় শফি মিয়ারা
অবশেষে রাতের ঘুঘু হয়, সর্ষে ছেড়ে ভূত পালায়
ভূতের খাদ্যও ছাড়ে না তারা
সব খাদ্য শেষ হলে নিজেকেই খেয়ে নিতে প্রস্তুত হয়
একেকজন শফি আলম।