
কিসের বড়াই এতো
মো. সাইফুল ইসলাম
ভালো নেই কেউ, ভালো নেই বিশ্ব...
লাখ টাকায় ফকির কেউ,
কেউবা কোটি টাকায়ও নিঃস্ব ।
মানুষে মানুষে সংঘাত, জাতিগত দ্বন্দ্ব...
বর্ণে ধর্মে তুমুল তফাৎ,
অশান্তির দোলাচলে ভাসে ভালো মন্দ ।
কে বড় ! এই নিয়ে অযথাই তর্ক...
হামলায় মামলায় ফ্যাসাদে,
নিজেকেই মনে করে বড় মর্দ ।
ভালোবাসা মিছে মায়া, সীমান্তে কাঁটাতার...
অগোছালো মানবতা,
দেশে দেশে চাপা কান্না আর হাহাকার ।
কারো ব্যালেস্টিক মিসাইল, কারোর পরমাণু অস্ত্র...
গুম খুন হত্যায়,
কারোর ছিন্ন দেহ কেউবা মৃত বিবস্ত্র ।
ভাবনায় চিন্তায় মগজে...
কেবল যুদ্ধ আর যুদ্ধ,
জাতিসংঘ বিশ্ব মানবতা চরম অবরুদ্ধ ।
জমিতে ফসল হচ্ছে পুড়ে ছাই...
শুধুই ক্ষমতার লোভ,
সৃষ্টিকর্তা ব্যাতীত দেখার কেহ নাই ।
শক্তিতে শক্তিতে কেবল লাগছে লড়াই...
ধুঁকছে গরীব যতো,
এ ভূবনে আর কতো দিন... বড়াই কিসের এতো ?