
নিজের কথা
মুহিব বিন ইসহাক
সত্য, ন্যায়ের কইবো কথা
এমন সাহস নাই,
বিদ্রোহী ভাব মিছামিছি
নিতে লজ্জা পাই!
জীবনের ভয়, মননের ক্ষয়
করছি অহর্নিশ!
খুব একদল উচ্ছৃঙ্খল
বলবে আমায় রাবিশ।
আমি কিন্তু নইরে জন্তু
মানুষেরই আকার,
মনের কথা কইতে শুধু
কলম ধরি লেখার।
নিজের কথাই শেষ হয় না
দেশ ও জনের যত,
কইতে গিয়ে থমকে দাঁড়াই
পুরাই জর্জরিত।
সেসব কথা বলার মত
নাই একটা মুখ,
সাহস কেনার নাই সম্বল
নিঃস্ব আমি- মূক।
বাহবা পেতে নাম উড়াতে
আমার খ্যাতি নাই,
তেলবাজির সমাজে ভালো-
কাপুরুষ সাজাই!
ধার করে সাহস নেয়া
ছদ্মবেশি বীর,
দৃশ্য দেখে হাসি আমি
সেসব ভন্ডামীর।
সবাই মোরে বলতে পারো
রক্ত ছাড়া দেহ,
নন্দলালের চেহারাটা
দেখতে পারো কেহ।
নিজের যত দোষের হাঁড়ি
যে পারে ভাঙতে,
তার চেয়ে আর সাহসী
কে আছে জগতে!
পরের কৃপায় সাহসী সেজে
করি না তেলবাজি,
সত্য বুলি কইতে গিয়ে
বড় কাপুরুষ সাজি।