
আক্ষেপ
শামীম খান যুবরাজ
কাগজের ফুল সুবাস ছড়াতে পারে
পশ্চিমাকাশে সূর্য উঠে
পূর্বে গড়াতে পারে,
কী দারুণ এক নিদারুণ সুখে
যুদ্ধ লড়াতে পারে,
পৃথিবীর সব সভ্যসমাজ
এসবে জড়াতে পারে!
পাখির পালকে রংয়ের বাহার
ক্ষয়ে যেতে পারে ক্ষয়ে,
বীজগণিতের সূত্র ভাঙা;
ছয় যেতে পারে ন’য়ে,
মঙ্গলপৃষ্ঠে হঠাৎ করেই
নদী যেতে পারে বয়ে,
বাটপারি ছেড়ে ভালো হতে পারে
নেতারাই সবিনয়ে।
পারে না শুধু তোমার মনটা
আমাতেই গলে যেতে,
ওই দুটি ঠোঁট প্রেমকম্পনে
‘ভালোবাসি’ বলে যেতে।
পারে না ওচোখ আমার ভেতরে
প্রেমনদী খুঁজে নিতে,
পারে না ওমন দিতে প্রেমটুকু
জীবনের বিপরীতে!