
আমার ভেতরে মহাসমুদ্র
শামীম খান যুবরাজ
আমাকে ভেবো না বন্ধু তুমি
অতি সাধারণ কেউ,
আমার ভেতরে মহাসমুদ্র
উতল নদীর ঢেউ।
পরের দেখানো পথে চলে সব
আমি খুঁজি পথ অন্য,
আমার পৃথিবী আমার জগতে
আমি যে অগ্রগণ্য।
বিবেকের কাছে পরাজিত নই
স্বার্থের দাস নইতো,
লাভ লোকসান হিসাব ছাড়াই
হক কথাগুলো কই তো।
স্বার্থের পিছে তুমি চলো ভাই
আমি ওসবে নাই তো,
পরের শেখানো বুলি ছাড়ি না
স্বরচিত গান গাই তো।
আমাকে এমন সস্তা ভেবো না
তোমার মতোই চলব,
তুমি চলো ভাই তোমার মতো
আমি কি আদৌ টলব?
টলব না আমি বলব না আমি
আমি তো স্বেচ্ছাচারী,
আমার ভেতরে মহাসমুদ্র
ঢেউ দিয়ে যাই তারই।