
যাত্রী
মুহিব বিন ইসহাক
জগত সংসার ঘিরে ছিল, কত কোহাহল!
সাঙ্গ দোষে, পথমাঝে, হঠাৎ নামল ঢল।
আমি, কেমনে যাই ভাই, মঙ্গলপুরে, স্বাদের জীবন ছার!
রঙ্গমঞ্চের অভিনয়ে, ষোলআনাই করলাম পার।
জীবন তরীর বৈঠা গেছে, কোন্ তরঙ্গে ভেসে!
যৌবন কামে চিত্ত গেছে, আদালতে ফেঁসে।
এপারেতে বসে আছি, উত্তাল নদীকূলে,
পাইনি দেখা মন মাঝির, নেয়নি কেহ তুলে।
মঙ্গলপুরের যাত্রী আমি, পথে পথে ভিড়,
ফুলে-ফলে ভরা সেথা, শান্ত সুনিবিড়।
পারের লাগি যাত্রী আসে, পার হয় তো অল্প,
ডর লাগে তাই, শুধু ভাবি, কড়ি যে মোর স্বল্প।
তবু মঙ্গলপুরে যাবার লাগি, করছি প্রতীক্ষা,
এই মনে হয়, পেয়ে যাবো, মন মাঝির দেখা।
যেতেই হবে, মঙ্গলপুরে, বাঁধব সেথায় ঘর,
ছাড়ব আমি, জ্ঞাতি-স্বজন, ছাড়ব পল্লি-শহর।