অক্সিজেন খুঁজি
মুহিব বিন ইসহাক
সময়টা নয়, আমিই হয়ে গেছি মন্দ!
চারিদিকে শুধু কার্বন ডাই-অক্সাইড,
তার পাশে মিথেন-
হাইড্রোজেন আর হিলিয়ামও আছে কিছু!
অক্সিজেন খুঁজি, দক্ষিণা হাওয়ার কাছে শুধাই,
সে অবাক হয়ে তাকায়, আমার পানে।
একটু পরে বিদ্রূপের ছলে, হেয় করে যায়,
নিজেকে পন্ডিত ভেবে।
আমি শুধু খুঁজেই যাই তারে, পাই না
চারিপাশ ঘন মেঘে ঢেকে রয়,
কোথাও কিছু দেখা যায় না,
সামনে, পিছনে, ডানে, বামে
কিছুই খুঁজে পাই না।
ভিতর থেকে অদ্ভুত বাজে গন্ধ ছড়াচ্ছে
দিনের পর দিন তা বেড়েই যাচ্ছে
তবু বসতি গড়েছি-
আস্ত একটা অগ্নিকুণ্ডের মুখে,
যেকোন সময় পুড়ে যেতে পারি, পুড়বই, নিশ্চিত।
অকালকুষ্মাণ্ডের তালিকায় দেখেছি, সেদিন
সবার শীর্ষেই আমার নামটি রয়েছে।
একটা কলম আর ছোট্ট ডায়রি ছাড়া
সঙ্গী এখন সালফার ডাই অক্সাইডের গন্ধ,
নাকে নিকোটিনের ক্ষতিকর ধোঁয়া
অসহ্য লাগে! চিৎকার করে উঠতে চাই,
পারি না, স্বর যে ক্ষীণ হয়ে এসেছে।
আমার আর অধিকার নেই, ডাকার,
বুক উঁচিয়ে চলার কিংবা হাঁটার।