
আমার একটা নেশা আছে
মুহিব বিন ইসহাক
মানুষ বিভিন্ন বস্তুতে আসক্ত। নেশা তার আছেই, থাকবেই। আসক্ত কিংবা নেশা বললেই, অনেকে নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে তাকাবে। অথচ এটাও হতে পারে জীবনের জন্য শ্রেষ্ঠ সম্পদ।
আমার একটা নেশা আছে এবং তা খুবই প্রবল। আমি ভীষণ আসক্ত মানব সন্তান। নেশাটা কিন্তু দারুণ! আমার এই আসক্তি আমাকে কথিত স্বপ্ন পূরণ করতে দেয়নি। আমার এই নেশা আমাকে সমাজের, পরিবারের চক্ষুশূলও (বিভিন্ন সময় ও ক্ষেত্রে) বানিয়েছে। তবু চরম অবাক করা বিষয় হলো- আমার নেশাও কাটেনি, আবার প্রকারন্তরে আমি আরও বেশি আকৃষ্ট হয়ে পড়েছি।
কখনও ধার নিয়ে, কেনাকাটা না করে, নরসুন্দরের কাছে যতটা সম্ভব কম গমন করে- কিছু টা সঞ্চয় করেছি কেবল ওই নেশায় বিভোর বলেই।
আমার প্রবল আকর্ষণ কিসের জন্য, কোন সেই বস্তুটি! অনেকেই ধৈর্য হারা হয়েছেন, অনেকেই ইতোমধ্যে বুঝে গিয়েছেন। বই, বই এবং বইয়ের প্রতিই আমার নেশাটা। আমি আসক্ত ছিলাম, আছিও এবং থাকবও।
এই আসক্তিটা আমাকে পবিত্র অনুভব জোগায়। আমি নিষ্পাপ শিশুর মত হয়ে থাকতে পারি প্রতিটি ক্ষেত্রে। আচরণে, অভ্যাসে আমার পরিবর্তন এনে দিয়েছে… এই নেশাটাই। বই, বই এবং বই-ই হোক জীবনের একমাত্র নেশা।