
সুরহারা
মুহিব বিন ইসহাক
আমার গানের কথা, সুরের দ্যুতি
কারো হৃদয় ছুঁইলো না,
দোষ কি তাদের! আমার মনের
ভাবটা শুধু খুললো না।
গানের ভাষায় ব্যর্থ আমি সুরহারা
জ্ঞানী-গুণী, মহৎ, বিরল মানুষ যারা
মুখ ফিরিয়ে গেলো চলে,
সুরের মোহে থামলো না।
আমার ভাঙ্গা বাঁশি, সুর ওঠে না আর গানে
কাঁচা হাতের একতারাটি চেয়ে থাকে কার পানে
বারে বারে যায় থেমে সে,
প্রাণের সুরে বাজলো না।
আমার গানে ছড়ায় না তো, অমৃত বাণীর সুর
নিপুণ কথার সৃজন হতে, আজও আমি বহুদূর
বেসুরে মোর কাটছে বেলা,
কেউ তো এসে ডাকলো না।