
হাওয়ারুন
দিলোয়ার খান
হাওয়া নামে এক বুড়ী মার
বসত আমার গাঁয়
এঘর ওঘর ঘুরে বেড়ায়
লাজুক দু'খান পায়।
খুব নিদারুণ করুণ জীবন
দুঃখ কষ্টে ভরা
মেঘ বাদলের নাই দেখা তায়
খরার উপর খরা!
সুখে দুখে ঘোর অসুখে
কিংবা পরিতাপে
ওষ্ঠে থাকে মিষ্টি হাসি
সকল প্রকার চাপে!
মাথার উপর লাজের ঘোমটা
কাজে কি'বা সাজে
দুখের বুঝায় হইছে কুঁজা
জীবন বেলা সাঁঝে।
কপাল মাঝে ভাঁজ পড়েছে
চামড়া গেছে কুঁচকে
আজো ভাবে নিঠুর ভবে
নিচু কে আর উঁচ কে?
ভাঙা ঘরে মাঝ প্রহরে
রবীর আভা ঝলমলে
ছনের চালে বর্ষা কালে
বৃষ্টি ঝরে টলমলে!
ঝড় তুফানে নড়েচড়ে
তবু ভেঙ্গে পড়ে না
হাওয়া যখন ধাওয়া করে
কুঁড়ে ঘরটা ওড়ে না!
ঘোর বিপদে বৃষ্টি রোদে
কুদরতে সাঁই দেয় পানাহ
লবন পান্তা লতাপাতা
জোগাড় হয়ে যায় খানা!
কেউ তো ভাবে মরে যাবে
কিন্তু বুড়ী মরে না
রুটি রুজি আহার দিয়া
বাঁচাই রাখে রাব্বানা!
হাওয়ারুনে তাঁর জীবনে
কষ্ট যত সইছে সাঁই
পর জনমে খুব রহমে
জান্নাতে তাঁর দিয়ো ঠাঁই।